মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
ডা. জুবাইদা রহমানের বক্তব্য

শিশুদের সম্ভাবনা বিকাশে সুযোগ সৃষ্টির আহ্বান জুবাইদার

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:৪২ পিএম

শিশুদের সম্ভাবনা বিকাশে সুযোগ সৃষ্টির আহ্বান জুবাইদার

সংগৃহীত ছবি

শিশুদের আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে বিকশিত করতে একটি সমন্বিত অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক মন্তব্য করে তিনি বলেন, শিশুদের সার্বিক উৎকর্ষ সাধনের লক্ষ্যেই শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিটি শিশুর জীবন অপার সম্ভাবনায় ভরপুর। শিক্ষা ও সংস্কৃতির ইতিবাচক দিক তুলে ধরে তিনি উল্লেখ করেন, অতীতে কন্যাশিশুদের উচ্চতর শিক্ষা অবৈতনিক করা হয়েছিল এবং নতুন কুঁড়ির মতো প্রতিযোগিতা প্রান্তিক পর্যায় থেকে শিশুদের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রেখেছিল। তিনি জোর দিয়ে বলেন, শুধু একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সঠিক সুরক্ষা, উন্মুক্ত মাঠে খেলাধুলার সুযোগ এবং উন্নত চিকিৎসার পরিবেশ নিশ্চিত করতে পারলেই শিশুরা বিকশিত হতে পারবে।

জাতীয় পরিসরে প্রান্তিক শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯ হাজার ৯০টি গ্রামের কোনো শিশু যাতে অবহেলায় ঝরে না পড়ে, সে জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। শিশুরা তাদের পিতা-মাতার কাছে যেমন অত্যন্ত আদরের, তেমনি সমাজ ও রাষ্ট্রের জন্যও পরম সম্পদ। শিশুদের মনে আকাশচুম্বী স্বপ্ন লালন করতে হবে এবং সেই স্বপ্ন পূরণে সমাজ ও পরিবারকে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ে বিশেষ শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ পেলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। এই সহশিক্ষা কার্যক্রম শিশুদের ভবিষ্যতে চলার পথে মানসিক শক্তি ও নৈতিক দৃঢ়তা জোগাবে। একই সাথে নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ভূমিকার প্রশংসা করে তিনি জানান, হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে দক্ষ করে তুলছেন।