বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০২:৫৮ পিএম

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের শীর্ষ ও নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি পদমর্যাদার মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে পদোন্নতি, বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই পরিবর্তনের আওতায় নতুন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে চারজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পাশাপাশি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান পদোন্নতি নিয়ে এসবির শীর্ষ পদে স্থলাভিষিক্ত হয়েছেন, আর এই পদে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। 

ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান পদোন্নতি পেয়ে রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত হয়েছেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচজন শীর্ষ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এতে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে। 

এ ছাড়া মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে বিশেষ শাখায় এবং এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা ও জনস্বার্থ নিশ্চিত করতেই পুলিশ সদর দপ্তর ও মাঠপর্যায়ের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।