সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,
নাগরিক শৃঙ্খলা পুনরুদ্ধার

এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ: ফুটপাত দখলমুক্ত

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৬:০৩ পিএম

এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ: ফুটপাত দখলমুক্ত

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার (২১ সেপ্টেম্বর) সায়েন্স ল্যাবরেটরি থেকে বাটা সিগন্যাল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে এই যৌথ কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় রাজস্ব ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে সার্বিক সমন্বয় করেন।

পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই ছিল এই পদক্ষেপের মূল লক্ষ্য। অভিযানকালে সড়কের উভয় পাশের ফুটপাতে গড়ে ওঠা অস্থায়ী ও অবৈধ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাসমান দোকানগুলো অপসারণ করে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান। একই সঙ্গে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ ট্রেড লাইসেন্স আছে কি না, যথাযথভাবে সাইনবোর্ড কর পরিশোধ করা হয়েছে কি না এবং পথচারীদের হাঁটার পথে অবৈধভাবে মালামাল বা সাইনবোর্ড রাখা হয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। অভিযান চলাকালে দোকান, বাণিজ্যিক ভবন ও রেস্তোরাঁর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে ফুটপাতে পানি ফেলার কারণে সৃষ্টি হওয়া কৃত্রিম জলাবদ্ধতা এবং এডিস মশার প্রজনন ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়।

আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি করপোরেশনের বিধিবিধান অমান্য করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে তা সঙ্গে সঙ্গেই আদায় করা হয়।

নগরবাসীকে সুশৃঙ্খল ও নিরাপদ ফুটপাত উপহার দিতে জনস্বার্থে এমন তদারকি কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।