সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০২:৩৭ পিএম
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে নভেম্বর ও ডিসেম্বর মাসে ভোট গ্রহণ না করে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, বছরের শেষ দুই মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে নভেম্বর ও ডিসেম্বরে কোনো ধরনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। পরীক্ষা কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর জানুয়ারিতে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরীক্ষা চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। কমিশনার বলেন, পাবলিক ও বার্ষিক পরীক্ষা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরীক্ষা কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থাপনার নানা দায়িত্ব পালন করতে হয়। ফলে একই সময়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন আয়োজন করা বাস্তবিকভাবে কঠিন। সার্বিক এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই ভোটের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের সাথে প্রশাসনিক যোগাযোগের বিষয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চিঠি চালাচালির কোনো পূর্ব নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং সরকারের কাছে নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ হালনাগাদ তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন