সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:৪৪ পিএম
রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় একটি সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আলীফ নামের ১৩ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আলীফ স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত শিক্ষার্থীর বাবা কবির হোসেন জানান, দুপুর দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরে সে বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য ভবনের সাততলার ছাদে যায়। সেখানে গোসল ও খেলার একপর্যায়ে ছাদ পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত দুটি ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন