শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

কম্পিউটার জ্ঞান ছাড়া এগোনো কঠিন: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ০৫:৩০ পিএম

কম্পিউটার জ্ঞান ছাড়া এগোনো কঠিন: অর্থমন্ত্রী

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে কম্পিউটার সম্পর্কে সম্যক ধারণা অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এসব মৌলিক দক্ষতা অর্জন না করলে ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়বে।

অনুষ্ঠানে নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ঐতিহাসিকভাবেই শিক্ষার ক্ষেত্রে অনন্য কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গেই শৈশবের বহু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে।

তিনি বলেন, বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ, সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলা ও গ্রন্থাগারকে ঘিরে কাটানো সময় এখনো হৃদয়ে অমলিন। মানুষ জীবনের বহু ঘটনা ভুলে গেলেও বিদ্যালয় জীবনের স্মৃতি কখনো ভোলে না। প্রিয় শিক্ষকদের নাম এখনো স্পষ্টভাবে মনে আছে। এমনকি স্কুলের দপ্তরিসহ যারা বিভিন্নভাবে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের স্মৃতিও হৃদয়ে ছবির মতো আঁকা রয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনা, পরিকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সবসময় অগ্রাধিকার পাবে।

বক্তব্যের একপর্যায়ে কলেজিয়েট স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর নেই জেনে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

একই সঙ্গে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে কোনো কম্পিউটার ল্যাব নেই জেনে বিস্ময় প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমান যুগে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান চলতেই পারে না। তিনি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়টিতে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব স্থাপন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে সকালে নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত একটি বিশেষায়িত সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে শুধু সাইকেল আরোহীরা চলাচল করতে পারবেন। দেশে এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ এটিই প্রথম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।