ইব্রাহীম খলিলুল্লাহ
অক্টোবর ৯, ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: দিনাজপুর টিভি
জুলাই সনদ অনুযায়ী আগামী দিনের সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ করেন ত্রাণমন্ত্রী। তিনি বলেন, শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, পুরো উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের ন্যায্য আকাঙ্ক্ষা পর্যায়ক্রমে পূরণ করা হবে।
উত্তরাঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন আসাদুল হাবিব দুলু। তিনি উল্লেখ করেন, আগামী ২০২৭ সালের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার মাঠপর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। বর্তমান সরকার রংপুর অঞ্চলের সুষম উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে রংপুর সিটি করপোরেশনকে বড় ধরনের আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিগত ১০ থেকে ১৫ বছরেও এই অঞ্চলের মানুষ পায়নি।
শহীদ আবু সাঈদ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।