অক্টোবর ৯, ২০২৬, ০৬:১৫ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরায়েলঘেঁষা ফ্লাভিও বলসোনারোর ভাই এডুয়ার্ডো বলসোনারোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
গত বৃহস্পতিবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস এডুয়ার্ডো বলসোনারোর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাবার বিচারপ্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে উৎসাহিত করার অভিযোগে গত জুনে দোষী সাব্যস্ত হয়েছিলেন এডুয়ার্ডো। এবার তাঁকে অবিলম্বে চার বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিচারপতি।
আগামী ২৫ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে। এতে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মুখোমুখি হবেন ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে ফ্লাভিও এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত জুনে ব্রাজিলের সুপ্রিম কোর্ট এডুয়ার্ডো বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, বাবা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারপ্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে চাপ দিয়েছিলেন তিনি। এডুয়ার্ডো তাঁর ভাই ফ্লাভিওর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছেন। গত মে মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ফ্লাভিওর বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ব্রাজিলের চলমান নির্বাচনী রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হতে পারে।
ব্রাজিলের রাজনীতি দীর্ঘদিন ধরেই দুই ভাগে বিভক্ত। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে আইনের অপব্যবহারের অভিযোগ করে আসছে। আগামী ২৫ অক্টোবরের নির্বাচন ঘিরে এই বিরোধ আরও বেড়েছে।
২০২৫ সালের মার্চে বাবাকে মুক্ত করার চেষ্টায় পুরোপুরি মনোযোগ দিতে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ঘোষণা দেন এডুয়ার্ডো বলসোনারো। এরপর তিনি ব্রাজিলের জাতীয় কংগ্রেসের সদস্যপদ ও ফেডারেল পুলিশে তদন্তকারীর চাকরি হারান। ৪২ বছর বয়সী সাবেক এই আইনপ্রণেতা বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করছেন এবং তাঁর দেশটির গ্রিন কার্ড রয়েছে।
বাবার বিচার চলাকালে ব্রাজিল সরকারের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা এবং দেশটির পণ্যে বাড়তি শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রে তদবির করার অভিযোগে এডুয়ার্ডো দোষী সাব্যস্ত হন। অন্যদিকে, তাঁর পরিবারের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিচারপতি দে মোরায়েসের নেতৃত্বে তদন্তের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে সাতাশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি দে মোরায়েসের রায়ে বলা হয়েছে, আইন এড়াতে দেশের বাইরে পালিয়ে থাকার সুযোগ নিতে পারবেন না এডুয়ার্ডো। তাই তাঁকে অবিলম্বে চার বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁর ব্রাজিলীয় পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং দেশে ফিরলে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেল পুলিশকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন