অক্টোবর ৯, ২০২৬, ০৭:০১ পিএম
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরনো বাণিজ্য মেলার মাঠে আগামী ৭ নভেম্বর জাতীয় গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশটি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি জরুরি প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছে। বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আনুষ্ঠানিক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রামীণ জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যরা অপরিহার্য ভূমিকা পালন করে আসছেন।
দফাদার ও মহল্লাদার পদে দায়িত্ব পালনকারী এই বাহিনীর সদস্যরা প্রত্যন্ত জনপদে দিনরাত পাহারা দেওয়া, অপরাধ দমনে স্থানীয় থানা পুলিশকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহায়তা করা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকেন।
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘকাল ধরে তাদের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা অত্যন্ত অপ্রতুল বলে অভিযোগ রয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, সম্মানজনক বেতন গ্রেড নির্ধারণ, নিয়মিত রেশন সরবরাহ, ঝুঁকি ও চিকিৎসা ভাতা প্রদান এবং অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, আধুনিক পেশাগত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দীর্ঘদিনের দাবিও সমাবেশকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন