অক্টোবর ৯, ২০২৬, ০৬:৩৪ পিএম
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ছয়জনের ডিএনএ শনাক্ত হয়েছে। নিহত চারজন ও এ মামলায় গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডিএনএ পরীক্ষায় শনাক্তকরণ নিশ্চিত হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষায় এই ছয়জন ছাড়া অন্য কারও উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার পর মামলাটির দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকার পরীক্ষাগার থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল রংপুর পুলিশের কাছে এসেছে। আগামী রবিবার আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
হত্যাকাণ্ডের শিকার শিক্ষক পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধർച്ചের সময় ঘটনাস্থল থেকে ৩৫টি আলামত সংগ্রহ করেছিল সিআইডি। ঘটনার ১২ দিন পর তিন দফায় সেগুলো সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। আলামতের মধ্যে ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, নান রুটি, শসা ও খেজুর, বেসিনের দাগ, নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া একটি লেখাসহ সংগ্রহ করা ৩৫টি আলামত রয়েছে। এর আগে ঘটনায় ৯ দিন পর আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে আসামিদের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকসহ নিহত চারজন এবং দুই আসামিরসহ মোট ছয়জনের ডিএনএ শনাক্ত হয়েছে। সেখানে অন্য কারও উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এই মামলায় পুলিশ দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিয়েছে। রবিবার ডিএনএ টেস্টের ফলাফলও আদালতে জমা দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন