সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৪৭ পিএম

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি - সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।

এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হতে পারে।