সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:২৫ পিএম
শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে এবং সম্প্রীতির সঙ্গে পূজা অনুষ্ঠিত হবে।
সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া, পূজা উদযাপন কমিটি ৭ জন করে স্বেচ্ছাসেবী এবং ৮ জন করে আনসার সদস্য মোতায়েন করবে। এর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে পূজাকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন