সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৫৩ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ভোটিংয়ের জন্য প্রবাসীদের কোনো খরচ লাগবে না, যদিও প্রতিটি ভোটের জন্য ৭০০ টাকা খরচ হবে। এই ব্যয় সরকারি কোষাগার থেকে বহন করা হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) নির্বাচন কমিশনে লন্ডন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং নিয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটিং একটি ব্যয়বহুল প্রক্রিয়া, কিন্তু এটি প্রবাসীদের জন্য যৌক্তিক।
তিনি জানান, বর্তমানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হলে দেশের বাইরে থেকে ভোট দেওয়া সম্ভব নয়। তবে, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য 'আউট অব কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন' প্রক্রিয়া চালু করা হচ্ছে। এই সংক্রান্ত অ্যাপটি নভেম্বরের তৃতীয় সপ্তাহে চালু হবে।
তিনি জানান, অ্যাপটি চালু হলে প্রত্যেক অঞ্চলকে নিবন্ধন করার জন্য সাত থেকে দশ দিন সময় দেওয়া হবে। পরে বাদ পড়া প্রবাসীদের জন্য আরও তিন থেকে সাত দিন সময় রাখা হবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা ১৪ থেকে ১৫ মিলিয়ন। এত বড় একটি জনগোষ্ঠীকে বাদ রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। তাই প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন