বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার চার অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার চার অভিযোগ

ছবি - সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের বিরুদ্ধে চারটি বিষয়ে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি এসব অভিযোগ করেন।

মুহাম্মদ ইউনূসের চারটি অভিযোগ হলো:

১. গণবিপ্লবকে ভালোভাবে না নেওয়া: ড. ইউনূস অভিযোগ করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, যার কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে।

২. ভুয়া খবর ও প্রোপাগান্ডা: তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে। গণবিপ্লবকে তারা 'ইসলামী আন্দোলন' বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে।

৩. শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: প্রধান উপদেষ্টা অভিযোগ করেন যে ভারত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাই সমস্যার সৃষ্টি করছেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

৪. সার্ককে নিষ্ক্রিয় রাখা: ড. ইউনূস অভিযোগ করেন, একটি দেশের রাজনীতির কারণে সার্ক জোট পুনরুজ্জীবিত করা যাচ্ছে না। তিনি বলেন, ভারত পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, সার্জিও গোরকে এক মাস আগে ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।