অক্টোবর ২, ২০২৫, ১১:২৯ পিএম
ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও প্রখ্যাত রবীন্দ্র-গবেষক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ব্যক্তিগত গাড়িচালক মো. রাসেল এই মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। চিকিৎসকদের ভাষ্য, মৃত্যুর মাত্র সাত মিনিট আগে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকেলেই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং কয়েক দফা মাইল্ড স্ট্রোকও করেছিলেন।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষাসৈনিক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম ইতিহাসবিদ। তিনি তাঁর জীবনে শতাধিক বই রচনা ও সম্পাদনা করেছেন।
-
ভাষা আন্দোলনে অবদান: ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা সর্বজনস্বীকৃত।
-
রবীন্দ্র-গবেষণা: রবীন্দ্র-গবেষণায় তাঁর অবদান শুধু বাংলাদেশেই নয়, দুই বাংলাতেই স্বীকৃত। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছিল।
-
পুরস্কার ও সম্মাননা: তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
নিঃসন্তান আহমদ রফিক ২০০৬ সালে স্ত্রীকে হারান। নিউ ইস্কাটনের একটি ভাড়া বাসায় তিনি একা থাকতেন। তাঁর জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তাঁর বিপুল বইয়ের সংগ্রহ।
২০১৯ সাল থেকে তাঁর দৃষ্টিশক্তি কমতে শুরু করে এবং ২০২৩ সাল নাগাদ তিনি প্রায় পুরোপুরি দৃষ্টিশক্তি হারান। এর আগে ২০২১ সালে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যাওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জীবনের শেষ প্রান্তে এসে দেশের বুদ্ধিজীবী মহল তাঁর উন্নত চিকিৎসা ও রাষ্ট্রীয় সহযোগিতার দাবি তুলেছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন