অক্টোবর ৩, ২০২৫, ১০:৫৫ পিএম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি বইমেলা শুক্রবার আরও বেশি মুখর হয়ে উঠেছিল। এদিন মেলায় লেখক-পাঠকের মিলনমেলায় যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং মেলা ঘুরে প্রকাশনা জগতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
মেলা পরিদর্শনের সময় তথ্য উপদেষ্টা প্রকাশক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে মেলার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি উপস্থিত পাঠকদের সঙ্গেও মতবিনিময় করেন। পাঠকদের আগ্রহ, বইয়ের বিষয়বস্তু ও প্রকাশনা নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন এবং আগ্রহের সঙ্গে বেশ কয়েকটি প্রকাশনার বই সংগ্রহ করেন।মাসব্যাপী এই বইমেলায় মোট ১৯৯টি স্টল রয়েছে।
দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে। এর মধ্যে আছে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামি পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।এই মেলাতে ক্রেতা-দর্শনার্থীদের জন্য লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
মেলাটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।মেলা উপলক্ষে মাসজুড়ে ইসলামিক ফাউন্ডেশনের স্টল, জেলা ও বিভাগীয় কার্যালয়ে ইফা প্রকাশিত বইয়ে সর্বনিম্ন ৪০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন