বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৬:২২ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করল সরকার

ছবি - সংগৃহীত

বহুল আলোচিত ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর অধীনে দায়ের করা সকল মামলা বাতিল করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে ওই আইনে দায়ের করা মামলায় যারা কারাগারে ছিলেন, সাজাপ্রাপ্ত হয়েছিলেন অথবা অভিযুক্ত হিসেবে বিচারের সম্মুখীন হচ্ছিলেন, তারা সবাই এখন দায়মুক্তি পাবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর একটি সংশোধনী অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এই ঘোষণা দেন।

তিনি বলেন, “২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন।”এই সিদ্ধান্তকে দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এই আইনের মাধ্যমে ভিন্নমত দমন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করা হয়েছিল। মামলাগুলো বাতিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলো।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়নের পর থেকে এর অপব্যবহার নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছিল। আইনটি বাতিলের দাবি ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি।

একই বৈঠকে উপদেষ্টা পরিষদ ‘ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াও অনুমোদন করেছে, যা দেশের নাগরিকদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্যের সুরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে।