অক্টোবর ১৩, ২০২৫, ০৯:৩৪ এএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার জন্য একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রতি আহ্বান জানিয়েছেন।রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আইএফএডি-এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
ড. ইউনূস বলেন, “আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য উৎসাহিত করছি। এ ধরনের তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে পারে এবং যুবক, কৃষক ও নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।”বৈঠকে দুই নেতা বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন।
এর মধ্যে ছিল—বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তা, আম ও কাঁঠালের মতো ফলের রপ্তানি সম্প্রসারণ এবং মহিষের দুধ থেকে মোজারেলা পনিরের মতো দুগ্ধজাত পণ্য উৎপাদনে খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান।আইএফএডি-এর প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসায়িক উদ্যোগে সমর্থন প্রদানে এবং বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে তার সংস্থার গভীর আগ্রহের কথা জানান।
তিনি উল্লেখ করেন, আইএফএডি বর্তমানে বাংলাদেশে অর্ধ ডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে।বৈঠকে প্রধান উপদেষ্টা আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন