নভেম্বর ৯, ২০২৫, ১২:৩৭ পিএম
আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন:আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন—এটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বেদনাদায়ক। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ কাম্য।
তিনি উল্লেখ করেন, শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে; এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হোক এবং তাদের দ্রুত ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হোক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন