নভেম্বর ৯, ২০২৫, ০৪:৫৫ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিতভাবে অংশ নিচ্ছেন। তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।রোববার (৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদনপ্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, "নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।"কোনো দলে যোগ দিচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনো দলে যোগ দেব কি না, তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।" তবে সরকারের উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করছেন, সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ আগে কুমিল্লা-৩ (মুরাদনগর উপজেলা) আসনের ভোটার ছিলেন। কিন্তু তিনি জানান, দুবার ভোট দিতে পারেননি, তাই আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই তিনি ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসনের ভোটার হলেন।
এদিকে, ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করলেও, জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।এর আগে গুঞ্জন ছিল, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন