সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন: ড. হেলাল উদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১১:৪২ পিএম

জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন: ড. হেলাল উদ্দিন

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগসহ ১৪ দলের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি কঠোর ভাষায় মন্তব্য করে বলেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া যায় না, যাবে না; এরা দেশ ও জাতির দুশমন।

শনিবার বিকেলে জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানার উদ্যোগে আয়োজিত প্রচার মিছিল পূর্বক এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলবে, সেখানেই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন, কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে হলে তার আগে গণভোট প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই সনদের আদেশ জারির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে, কিন্তু গণভোট আয়োজনের মাধ্যমে গণমানুষের দাবি উপেক্ষা করা হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে এক নতুন মানবিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়।

তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও অনেকে বক্তব্য দেন।