নভেম্বর ১৬, ২০২৫, ০৯:২৩ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের মধ্যেই সব আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনো ৬৪ আসনে দলটির নাম ঘোষণা বাকি।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনগুলোর কিছু মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে এবং কিছু আসনে একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী থাকায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে।
দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, সব বিরোধপূর্ণ আসনে তফসিল ঘোষণার আগেই অর্থাৎ চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা সম্ভব হবে।
এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা আসন সমঝোতায় বিএনপির কালক্ষেপণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিএনপির প্রার্থীরা মাঠে নামলেও জোট প্রার্থীদের নাম ঘোষণা না হওয়ায় তারা নির্বাচনি প্রচারে নামতে পারছেন না। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপির বিরুদ্ধে আসন সমঝোতায় কালক্ষেপণের অভিযোগ এনেছেন।
তিনি মনে করেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে শরিকদের সঙ্গে একধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, এই দূরত্ব বাড়তে দিলে এর রাজনৈতিক ঝুঁকি বড় হতে পারে এবং অনাকাঙ্ক্ষিত কারণে সমঝোতা না হলে গণতন্ত্র মঞ্চকে তখন বাধ্য হয়েই বিকল্প চিন্তা করতে হবে। বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমও একই দাবি জানিয়ে দ্রুত মিত্রদের প্রার্থী তালিকা প্রকাশের আহ্বান জানান।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আশ্বস্ত করে বলেন, তারা চলতি মাসের মধ্যেই মনোনয়নপ্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন বলে আশা করছেন। শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত পর্যায়েই আছে এবং সমঝোতা হলে উভয় পক্ষই তা ঘোষণা করবে। তবে তিনি মনে করিয়ে দেন, আরপিও পুনরায় সংশোধিত না হলে নিবন্ধিত শরিকদের তাদের নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে।
অন্যদিকে গত ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকার প্রায় ২৩ আসনে মনোনয়নবঞ্চিত নেতাদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছিল। এই বিরোধ নিরসনে বিভাগীয় ও স্থানীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্র আরও জানায়, বিরোধপূর্ণ আসনগুলোতে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের মাঠ পর্যায়ে অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থীদের মধ্যে কয়েকটি আসনে পরিবর্তন আসতে পারে বলেও দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন। দলটির সিনিয়র নেতারা আশা করছেন, দ্রুতই বিরোধপূর্ণ আসনগুলোতে সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক হয়ে কাজ করবেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন