নভেম্বর ১৬, ২০২৫, ১০:১২ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতে ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকার প্রায় ২৩টি আসনে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি। গত ৩ নভেম্বর এই তালিকা ঘোষণার পর মনোনয়নবঞ্চিত নেতাদের ব্যাপক বিক্ষোভ দেখা গেলে দলটির হাইকমান্ড এই সিদ্ধান্ত বিবেচনা করছে।
পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের মাঠ পর্যায়ে অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে। পাশাপাশি এখনো ৬৪ আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে, যা এই নভেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ৬৪ আসনে প্রার্থী ঘোষণা না করার কারণ হলো কিছু আসন যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে এবং কিছুতে একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
দলটির সিনিয়র নেতারা আশা করছেন, তফসিল ঘোষণার আগেই সব বিরোধপূর্ণ আসনে সমঝোতা বা সমাধান করা সম্ভব হবে। বিএনপি চায় আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে হোক, এই লক্ষ্যে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে।এদিকে, আসন সমঝোতায় কালক্ষেপণ নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কঠোর সমালোচনা ও উদ্বেগ এসেছে।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, বিএনপি নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেও যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আসন সমঝোতায় এখনো বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে শরিকদের সঙ্গে একধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছে, যা বাড়তে দিলে এর রাজনৈতিক ঝুঁকি বড় হয়ে দেখা দিতে পারে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, অনাকাঙ্ক্ষিত কারণে সমঝোতা না হলে গণতন্ত্র মঞ্চকে তখন বাধ্য হয়েই বিকল্প চিন্তা করতে হবে।
অন্যদিকে, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপি প্রাথমিকভাবে গ্রিন সিগন্যাল দিলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আশ্বস্ত করে বলেন, আমরা চলতি মাসের মধ্যেই মনোনয়নপ্রক্রিয়া সমাপ্ত করতে পারব। তিনি আরও উল্লেখ করেন, আরপিও পুনরায় সংশোধিত না হলে নিবন্ধিত শরিকদের তাদের নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন