সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফাঁকা ৬৩ আসনের বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০১:১৭ পিএম

ফাঁকা ৬৩ আসনের বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতেই ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর কৌশলগত বিবেচনায় ফাঁকা রাখা ৬৩টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম চলতি নভেম্বর মাসের মধ্যেই ঘোষণা করবে বিএনপি।

এর আগে মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি। দলীয় সূত্র জানায়, বাকি ৬৩টি আসন ফাঁকা রাখার প্রধান কারণ হলো কিছু আসন যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে এবং কিছুতে রয়েছে একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী।

দলটির লক্ষ্য হলো নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করা।এদিকে এই গুরুত্বপূর্ণ সময়ে জোট শরিকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

সিদ্ধান্ত নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই জোটের প্রধান নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। এই বৈঠকের আলোচনার ওপর নির্ভর করে জোট ও বিএনপির প্রার্থী একই সঙ্গে কিংবা ধাপে ধাপে ঘোষণা হতে পারে। শরিক দলগুলোর নেতারা এই প্রক্রিয়ায় কালক্ষেপণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা বলেন, বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করায় তাদের প্রতিদ্বন্দ্বীরা ইতোমধ্যে প্রচারণায় নেমে পড়েছে, কিন্তু শরিকদের নাম ঘোষণা না হওয়ায় তারা মাঠে নামতে পারছেন না।

বিএনপি নেতারা বলছেন, জোট শরিকরা যেমন ঘোষণা দেবে, বিএনপিও তেমনই ঘোষণা করবে। তবে সংশোধিত আরপিও অনুযায়ী নিবন্ধিত শরিকদের তাদের নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে— এই বাধ্যবাধকতা আসন বণ্টন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। জামায়াতকে এবার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখায় গুরুত্বপূর্ণ এলাকায় শরিকদের আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপি আরও সতর্ক।

অন্যদিকে গত ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী তালিকার প্রায় ২৩ আসনে স্থানীয় দ্বন্দ্ব তৈরি হওয়ায় সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনায় জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধ মিটিয়ে আনার। কোথাও সমাধান না হলে মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীকে ঢাকায় ডেকে এনে সমঝোতা করিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, গত শুক্রবার কুমিল্লা-৯ আসনে প্রার্থী আবুল কালাম ও মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার বিরোধ মিটিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।