নভেম্বর ২২, ২০২৫, ০২:৪৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না। তিনি বলেন, কেউ যদি প্রভাব বিস্তারের চিন্তা করেন, তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে।
শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই কঠোর মন্তব্য করেন।
চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিমসহ সম্মেলনে বিভিন্ন ইসলামী দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ডা. শফিকুর রহমান আরও বলেন, তাদের লড়াই সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে।
তিনি বিশ্বাস করেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে। বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করেন, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি কঠোরভাবে সতর্ক করেন। জামায়াতের আমির আরও বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে এবং কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী দলগুলো যদি এক হতে পারে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারে, তবে দেশে নতুন ইতিহাস রচিত হবে। তিনি হুঁশিয়ারি দেন, চাঁদাবাজদের স্থান বাংলাদেশে হবে না। এছাড়া সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য দেন।
বক্তারা দৃঢ়ভাবে বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে এবং দেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করবেন জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন