নভেম্বর ২৮, ২০২৫, ১০:৪৯ এএম
পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় দফায় দফায় সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, "সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো—জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, পাবনার ইশ্বরদীতে আজ (বৃহস্পতিবার) যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি।
বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে—এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।
তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে এক বিবৃতিতে উল্লেখ করেন, গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় বর্বরোচিত হামলায় অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা একটি ভয়াবহ সহিংস পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাইছে। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন