সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়া কেমন আছেন, সর্বশেষ তথ্য জানালেন আসিফ নজরুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:২৬ এএম

খালেদা জিয়া কেমন আছেন, সর্বশেষ তথ্য জানালেন আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৮ নভেম্বর) রাতে আইন উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠান।

পরে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা তার পর্যবেক্ষণ জানান:এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনই ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।"

খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার স্বাস্থ্যের বিষয়ে বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। প্রায় ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মির্জা আব্বাসও হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। তাছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরাও হাসপাতালের সামনে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।