নভেম্বর ২৯, ২০২৫, ১১:০৪ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি আশার কথা জানিয়েছেন যে, গুরুতর অসুস্থতার মাঝেও খালেদা জিয়া তাদেরকে চিনতে পেরেছেন।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, "খালেদা জিয়া এই মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, স্থিতিশীল নন। আরও উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন।"
তিনি আরও যোগ করেন, "আমরা দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন।"প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।তার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন।
তিনি বলেন, তিনি নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।এরপর শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। মির্জা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, "আমার আবার আবেদন থাকবে, দেশের সারাদেশের মানুষ শুধু মসজিদ-মাদরাসা নয়, ব্যক্তিগতভাবে সবাই যেন দোয়া করেন।"অন্যদিকে, দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন