সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার অবস্থা ৩ দিন ধরে একই পর্যায়ে, এভারকেয়ারেই চলবে চিকিৎসা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১১:৫১ পিএম

খালেদা জিয়ার অবস্থা ৩ দিন ধরে একই পর্যায়ে, এভারকেয়ারেই চলবে চিকিৎসা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে (২৭ থেকে ২৯ নভেম্বর) একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এই হাসপাতালেই তা অব্যাহত থাকবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসাপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতেই এখানে তার চিকিৎসা অব্যাহত আছে।

শারীরিক অবস্থা: "তার অবস্থা গত তিনদিন ধরে একই পর্যায়ে আছে। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন।"বিদেশে নেওয়ার বিষয়: তিনি জানান, তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার সার্বিক সুস্থতা ও দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে এবং সাংবাদিকদের জানানো হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ অন্যান্য স্বজন ও দলীয় নেতারা সহযোগিতা করছেন।তিনি এই সময় নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান।