ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:০২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। তিনি মনে করেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। এই লাগাম টেনে ধরতে না পারলে সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে যাবে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "বাংলাদেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। লাগাম টেনে ধরতে হবে, এটাই বিএনপির অঙ্গীকার।"
আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। এই দুই সংকট কাটানো না গেলে নারী, কৃষি ও স্বাস্থ্য খাতে যেকোনো পরিকল্পনাই ভেস্তে যাবে। তিনি অভিযোগ করে বলেন, স্বৈরশাসকের মতো কিছু মানুষ বিএনপির সমালোচনা করছে। অথচ বিএনপি সরকারের আমলে তাদের দুজন মন্ত্রী ছিলেন এবং শেষ দিন পর্যন্ত তারা মন্ত্রিসভায় থেকে প্রমাণ করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট। তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি।
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চেয়েছিলেন জাতীয় সরকার করা হবে কি না। আমরা বলেছিলাম, আমরা জনগণের কাছে যাব। কারণ, জনগণই আমাদের শক্তির উৎস।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা কিংবা আমেরিকা বানাতে চায় না, তারা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। তিনি আরও জানান, বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গেছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশ স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। তিনি মনে করেন, একমাত্র জনগণ ও গণতন্ত্রই দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন