সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আচরণবিধির প্রতি শ্রদ্ধায় নিজ হাতে পোস্টার নামালেন জামায়াত প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১২:২৪ পিএম

আচরণবিধির প্রতি শ্রদ্ধায় নিজ হাতে পোস্টার নামালেন জামায়াত প্রার্থী

সুনামগঞ্জ-২ (দিরাই- শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের লাগানো পোস্টার তিনি নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তপশিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন।

এ সময় তিনি ভিডিও লাইভ করে আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

এডভোকেট শিশির মনির বলেন, "নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।" তিনি আরও বলেন, "একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারী হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় এই সব প্রচার প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।

শিশির মনির উল্লেখ করেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। তিনি বলেন, আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার। স্থানীয় ভোটাররা মন্তব্য করেছেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।