বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ওসমান হাদী গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৪২ পিএম

ওসমান হাদী গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

স্ট্যাটাসে ড. শফিকুর রহমান বলেন,ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।"

দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে তিনি আরও বলেন,কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।"উল্লেখ্য, জুমার নামাজের পর শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদী।

তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। নির্বাচনী তপশিল ঘোষণার পরপরই প্রার্থীর ওপর এমন হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।