সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদীর গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে ছুটে গেলেন মির্জা আব্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৪:৩৪ পিএম

ওসমান হাদীর গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে ছুটে গেলেন মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে গিয়েছেন একই আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি হাসপাতালে যান এবং আহত প্রার্থীর খোঁজ নেন।এর আগে, এদিন দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হন ওসমান হাদী।

হাদীর সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুমার নামাজের পর পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদী।

এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসকরা জানিয়েছেন হাদীর জন্য চার ব্যাগ রক্ত (ব্লাড) লাগবে।

যা ইতোমধ্যে তার সমর্থক-অনুসারীরা সংগ্রহ করেছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদী রিকশায় ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হলে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।