ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৫৪ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এই নিন্দা জানান।
এই নৃশংস ঘটনায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের মুখোমুখি করার আহ্বান জানান।
তারেক রহমান এ সময় ছাত্রদলসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার ও বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে, যেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে শরিফ ওসমান হাদির ওপর হামলা হয়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। গত রোববার শুরু হওয়া এই কর্মশালায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন