নভেম্বর ২৬, ২০২৬, ০৮:২৩ পিএম
কুমিল্লা সদর উপজেলার গোমতীর চরে বাজারে তোলার উপযোগী হয়ে ওঠা মূলা ক্ষেতেই পচে গেছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে চরের নিচু জমিতে পানি জমে থাকায় মূলার গোড়ায় পচন ধরেছে। এতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষি ও পাইকারি ব্যবসায়ীরা।
কাঁচিয়াতলী ও আমতলী এলাকার বিভিন্ন সবজিক্ষেত ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে নিচু ও মাঝারি অনেক জমিতে এখনো পানি জমে আছে। পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় মূলার গোড়ায় পচন ধরেছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চরের অধিকাংশ সবজি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চরের পলিমাটিতে শীতকালীন সবজির ফলন ভালো হয় বলে প্রতি বছর রবি মৌসুমে গোমতীর চরের বিস্তীর্ণ জমিতে মূলাসহ নানা সবজির আবাদ হয়। স্বল্প সময়ে বাজারে তোলা যায় বলে মূলা চাষে চাষিদের ঝোঁক বেশি। কিন্তু জমে থাকা পানিতে মূলার গোড়া দ্রুত পচে যায়, আর একবার পচন ধরলে পুরো ক্ষেতের ফসলই নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত চাষি আবু মুসা গোমতীর চরে ৮৪ শতাংশ জমিতে মূলা চাষ করেছিলেন। ক্ষেতের সবজি বাজারে তোলার উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বাজারে তোলার আগেই টানা বৃষ্টির পানিতে সেই মূলা ক্ষেতেই পচে গেছে।
আবু মুসা বলেন, `কী আর করার আছে। এ বছর রিজিক ভালো না। ক্ষেতের অধিকাংশ মূলাতেই পচন ধরেছে, যেগুলো ভালো সেগুলোতে আবার পোকামাকড়ে খাওয়ার দাগ। পাইকারি ব্যবসায়ী ক্ষেতে এসে দেখে মূলা শেষ। এখন আমরা দুইজনই ক্ষতিগ্রস্ত।`
চরের আরেক চাষি জামাল উদ্দিন ৪৫ শতাংশ জমিতে মূলা চাষ করেছেন। বীজ, সার ও শ্রমিকের মজুরিসহ তার খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। মূলা মাঝারি আকারের থাকতেই তিনি পাইকারদের কাছে বিক্রি করে অর্ধেক টাকা আগাম নিয়েছিলেন।
ক্ষতিগ্রস্ত পাইকারি ব্যবসায়ী মিন্টু মিয়া ও মো. আলম বলেন, `মাঝারি আকার থাকতেই ৮০ হাজার টাকায় ৪৫ শতাংশ জমির মূলা কিনেছিলাম। ১৫ থেকে ২০ দিন পর মূলা তুলে ট্রাকে করে চট্টগ্রামে নেওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষেতে পানি জমে মূলার গোড়া পচে গেছে। ফলে এবার খরচও তুলতে পারব না বলে মনে হচ্ছে।`
চরের ক্ষতিগ্রস্ত চাষিদের ভাষ্য, মূলা চাষ করতে বীজ, জমি তৈরি, সার, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ধাপে ধাপে অনেক টাকা খরচ হয়। ক্ষেতের মূলা কয়েক দিন পরই বাজারে তোলার কথা ছিল, যার বেশির ভাগই এখন পচা। অবশিষ্ট যে সামান্য কিছু ভালো রয়েছে, পচে যাওয়ার ভয়ে তা-ও দ্রুত তুলে ফেলা হচ্ছে।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান বলেন, `মূলা ও আলু পানি সহ্য করতে পারে না। অল্প পানিতেই এসব ফসল দ্রুত নষ্ট হয়। কোথাও কোথাও বাঁধাকপিও নষ্ট হয়েছে।`
শুধু মূলা নয়, চরের কোথাও কোথাও বাঁধাকপিসহ অন্যান্য শীতকালীন সবজিও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। ফসল তোলার আগমুহূর্তে এমন ক্ষতিতে চাষি ও পাইকার উভয় পক্ষই এবার বড় লোকসানের মুখে পড়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে গোমতী চরে কী পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে প্রতিবেদন প্রায় শেষ হয়েছে। প্রতিবেদন চূড়ান্ত হলে ক্ষতির পরিমাণ বলা যাবে।
এর আগে ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে সারা দেশের ৩৬ জেলায় পৌনে দুই লাখ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার প্রাথমিক হিসাব দিয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই ক্ষতির ধারাবাহিকতায় এবার গোমতীর চরের সবজি চাষিরাও বড় ক্ষতির মুখে পড়লেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন