সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:১২ পিএম
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে তিনি তার সাক্ষ্য প্রদান করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের। ব্যক্তিগত কারণে তারা আগের নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নাহিদ ইসলাম তার সাক্ষ্য দেবেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
মামলার অভিযোগপত্রে মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা রয়েছে এবং মোট সাক্ষী আছেন ৮১ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন