শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৩৪ পিএম

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক প্রকাশ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শোক জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়:ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত।"

দলটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তাঁর মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেলেও বুলেটের অংশবিশেষ মস্তিস্কে আটকে ছিল।

প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সরকারের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ওসমান হাদির এই আকস্মিক মৃত্যুতে বিএনপির পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শোকের জোয়ার বইছে।