রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:২৮ এএম

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দলীয় প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে সাইফুল ইসলাম শহিদ প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন—

“আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম শহিদ বলেন, “সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। হয়তো জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি।জামায়াত প্রার্থীর এই সরে দাঁড়ানো এবং হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ায় দেবিদ্বার আসনের নির্বাচনী সমীকরণ পুরোপুরি বদলে গেছে।

জোটবদ্ধ রাজনীতির অংশ হিসেবে জামায়াত এই আসনটি এনসিপি-র জন্য ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে এই আসনে হাসনাত আব্দুল্লাহর অবস্থান আরও শক্তিশালী হলো।উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতি জামায়াতের এই সমর্থন আসন্ন নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।