সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আসন পরিবর্তনের কারণ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৪২ পিএম

আসন পরিবর্তনের কারণ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের পরিবর্তে হঠাতই ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এই নাটকীয় আসন পরিবর্তনের নেপথ্য কারণ ব্যাখ্যা করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ঢাকা-১৮ আসনের জন্য তাঁর সব ধরনের প্রস্তুতি থাকলেও জোটের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি বলেন, আমাদের এই ১১-দলীয় জোটটি একটি কৌশলগত জোট। এটি কোনো আদর্শিক জোট নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি ‘কৌশলগত ঐক্য’। জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা-৮ আসনে নির্বাচন করছি।”

ঢাকা-৮ আসনটি বেছে নেওয়ার পেছনে আবেগঘন একটি কারণও উল্লেখ করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, “সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্বপ্ন দেখা বাংলাদেশ গড়ার দায় আমাদের। অনেক হেভিওয়েট নেতা এই আসন থেকে লড়তে চাননি, কিন্তু আমি এখানে শহীদ হওয়ার তামান্না নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছি।” উল্লেখ্য, এই আসনে তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস।

আসন পরিবর্তনের পর নিজের রাজনৈতিক লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— মানুষকে নিরাপদ রাখা, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। ইনশাআল্লাহ, আমাদের এই ১১-দলীয় জোটই আগামীতে সরকার গঠন করবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে আগে ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং সেখানে তাঁর ব্যাপক প্রচারণা ছিল। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে তাঁকে ঢাকা-৮ আসনে স্থানান্তর করা হয়। এই আসনে তিনি ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।