জানুয়ারি ১, ২০২৬, ০৮:৩০ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে আগামী ১২ ফেব্রুয়ারির আগেই বিচার নিশ্চিত করতে হবে।
অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি বড় ব্যর্থতা হিসেবে গণ্য হবে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “আমরা বারবার সংস্কার ও বিচারের কথা বলেছি। শেখ হাসিনার শাসনামলে অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে।
তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রুততা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হোক।”শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো, অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের গ্রেপ্তার করা যায়নি।
খুনিরা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে। নির্বাচনের আগে যদি এই বিচার নিশ্চিত না হয়, তবে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হবে।সাক্ষাৎকালে এনসিপি’র পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শাপলা কলি প্রতীকের জয় নিশ্চিত করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন