জানুয়ারি ১, ২০২৬, ০৯:০০ পিএম
দেশের স্বার্থে অতীতের মতো আগামীতেও রাজপথে এবং দেশ পরিচালনায় একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
সংবাদ ব্রিফিংয়ে জামায়াত আমির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, “দেশ এখন একটি গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আমরা আলোচনা করেছি যে, নির্বাচনের পরপরই এবং সরকার গঠনের আগেই আমরা ইনশাআল্লাহ একসঙ্গে বসব। জাতির স্থিতিশীলতার স্বার্থে আগামী ৫ বছরের জন্য খোলামনে চিন্তা ও সিদ্ধান্ত নেব।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “তিনি গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিহাস সৃষ্টি করেছে। জাতি তাঁকে যে বিরল সংবর্ধনা দিয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করে। ম্যাডাম যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন, তার ওপর দাঁড়িয়েই আমরা আগামীর দায়িত্ব পালন করতে চাই।বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ থাকা অবস্থায় তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে উপহাস করা হয়েছে।
ব্রিটেন থেকে ফেরার পর তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসকরা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমির গুলশান কার্যালয়ে গিয়ে প্রথমে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে বৈঠকে অংশ নেন:বিএনপি: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।জামায়াত: সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান নীরব ও মোবারক হোসাইন।
উল্লেখ্য, বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় জামায়াত আমিরসহ দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছিলেন। আজকের এই বৈঠকের মাধ্যমে দুই দলের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা আরও সুসংহত হওয়ার ইঙ্গিত পাওয়া গেল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন