সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১১:৩৩ এএম

এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আলোচিত নেত্রী তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান দেওয়া অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তাসনিম জারা জানান, এনসিপি ছেড়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সিদ্ধান্তের কারণে অনেক অনুদান দাতা তাঁদের টাকা ফেরত চেয়েছেন।

তিনি বলেন, “স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেওয়ার সময়ই আমি জানিয়েছিলাম, কেউ টাকা ফেরত চাইলে তা দিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত ২০৫ জন টাকা ফেরত চেয়েছেন এবং তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

যারা এখনো টাকা ফেরত চান, তাঁদের জন্য ভিডিওর ক্যাপশন ও কমেন্টে একটি ফর্মের লিঙ্ক যুক্ত করে দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী, তিনি এ পর্যন্ত ৪৬ লাখ ৯৩ হাজার টাকা অনুদান সংগ্রহ করেছেন।এদিকে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ভিডিও বার্তায় তিনি সমর্থকদের নিরাশ না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে লড়ব।

আমাদের কাছে শক্ত যুক্তি ও অতীতের নজির রয়েছে।জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট করার সিদ্ধান্তের প্রতিবাদে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এখন আপিলের মাধ্যমেই তাঁর নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে।