জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪৬ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নবগঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে (নির্বাচনী অফিস) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গত ১ জানুয়ারি রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে এই ৪১ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বিএনপি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে মূলত নির্বাচনী কার্যক্রমের রূপরেখা, তৃণমূলের সঙ্গে সমন্বয় এবং ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কৌশল নিয়ে আলোচনা হবে। এছাড়া মনোনয়ন যাচাই-বাছাইয়ের বর্তমান পরিস্থিতি এবং দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়েও নীতিনির্ধারণী আলোচনা হতে পারে।
এই উচ্চপর্যায়ের কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে। সদস্য হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, ড. মাহদী আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতারা। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন