সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক কার্যালয়ে তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক কার্যালয়ে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে যোগ দিতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম তারেক রহমান দলের এত বড় কোনো নির্বাচনী পর্ষদের সরাসরি বৈঠকে অংশ নিচ্ছেন।

তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং বাড়তি নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা গেছে।বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচনের প্রাথমিক কর্মকৌশল নির্ধারণ, কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ এবং ইশতেহার তৈরির রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সারা দেশে দলীয় প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের বর্তমান পরিস্থিতি নিয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করবেন কমিটির সদস্যরা।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইসমাইল জবিউল্লাহ। এছাড়া ড. মাহদী আমিন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ৪১ জন নেতা এই কমিটির অন্তর্ভুক্ত। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে অত্যন্ত সুসংগঠিতভাবে এগুতে চায়, আজকের এই বৈঠক তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।