রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৪৩ আসনে ভালো ফলের সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১১:১৫ পিএম

১৪৩ আসনে ভালো ফলের সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সাড়ে তিন মাস ধরে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা ও রাজনৈতিক দর কষাকষির মধ্যেই দলটি দাবি করেছে, দেশের ১৪৩টি আসনে তাদের জয়ের বা ভালো ফলাফল করার প্রবল সম্ভাবনা রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলীয় জরিপের তথ্য তুলে ধরে নিজের মূল্যায়ন জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ফয়জুল করীম জানান, তাঁরা সাংগঠনিকভাবে সারা দেশে একটি নিবিড় জরিপ পরিচালনা করেছেন। তিনি বলেন, “জরিপে আমরা দেখেছি ১৪৩টি আসন আমাদের জন্য 'এ' গ্রেডের।

এর বাইরে আরও কিছু আসন বি-প্লাস এবং বি-সি ক্যাটাগরিতে রয়েছে।” তবে সব আসনে জয়ের নিশ্চয়তা না দিয়ে তিনি বাস্তবসম্মত অবস্থানের কথা জানান। তিনি বলেন, আমি বলছি না যে আমরা ১৪৩টি আসনেই বিজয়ী হব, তবে জরিপ বলছে এই আসনগুলোতে আমাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং আমরা সিংহভাগ আসনে ভালো ফলাফলের আশা রাখি।এবার ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ইসলামী আন্দোলন। দলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মুফতি ফয়জুল করীম নিজে বরিশাল-৫ ও ৬ আসন থেকে লড়াই করছেন।

এছাড়া মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪ এবং প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বর্তমানে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। ইসলামপন্থি ভোটগুলোকে এক ছাতার নিচে আনতে দুই দলই নমনীয় অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে সংসদীয় আসনে জয় না পেলেও এবার সুসংগঠিত জরিপ ও জামায়াতের সঙ্গে সমঝোতা ইসলামী আন্দোলনের জন্য বড় মাইলফলক হতে পারে।