জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৪৬ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তাঁর সংগৃহীত ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদানের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, যারা তাঁর দল ত্যাগের কারণে অর্থ ফেরত চান, তাঁদের প্রত্যেককেই টাকা ফিরিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যমতে, তাসনিম জারা নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য জনসাধারণের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছিলেন।
গত ২৭ ডিসেম্বর তিনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুদানের টাকা নিয়ে আলোচনা শুরু হয়।
সোমবার (৫ জানুয়ারি) একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর যারা টাকা ফেরত পেতে চান, তাঁদের জন্য আমি একটি ফরম পূরণ করার অনুরোধ জানিয়েছি। ইতিমধেই অনেকে টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন। যারা এখনো জানাননি, তাঁদেরও অনুরোধ করব আপনাদের সিদ্ধান্ত জানাতে।তিনি আরও স্পষ্ট করেন যে, “যারা যারা টাকা ফেরত চাইবেন, তাঁদের প্রত্যেকের নির্ধারিত অ্যাকাউন্টে সেই টাকা ফেরত পাঠানো হবে।
এটি নিয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।” তাসনিম জারা জানান, ইতেমধ্যেই অন্তত ২০৫ জন আবেদনকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।গত ৩ জানুয়ারি ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। তবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। গতকাল সোমবার বিকেলে তিনি ইসিতে সশরীরে উপস্থিত হয়ে আপিল আবেদন জমা দেন এবং নির্বাচনে লড়াই করার বিষয়ে নিজের দৃঢ় আত্মবিশ্বাসের কথা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন