জানুয়ারি ১০, ২০২৬, ০৬:২৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না।"
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা শেষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, যারা অতীতে দুর্নীতি করেছে, বিভিন্ন মামলায় জড়িত ছিল এবং ঋণ খেলাপি হয়েছে—তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, দুর্নীতির মাধ্যমে শুরু করা কোনো ব্যক্তি জনগণের জন্য ভালো কিছু করতে পারবে না।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, যারা কেন্দ্র দখল বা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা সফল হবে না। আমরা সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিটি অপচেষ্টা প্রতিহত করব।
এর আগে সকাল থেকে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর, যুক্তগ্রাম, পৈরাংকুলসহ বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নেন। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন