জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৪৪ পিএম
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, “আল্লাহর রহমতে আপিল মঞ্জুর হয়েছে এবং কমিশন আমার মনোনয়ন গ্রহণ করেছেন।
গত এক সপ্তাহ আমার জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে যারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং দোয়া করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।
নির্বাচনী প্রচারণায় জনসমর্থন নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রতীকের জন্য আবেদন করব। আমার পছন্দের প্রতীক হচ্ছে ফুটবল।” জারা আশা প্রকাশ করেন, এই প্রতীক নিয়ে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন।এর আগে গত ৩ জানুয়ারি হলফনামা বা কারিগরি কারণে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।
এর বিরুদ্ধে ৫ জানুয়ারি ইসিতে আপিল করেন তিনি। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন বেঞ্চ তার আপিলটি মঞ্জুর করেন।শনিবার থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর শুনানি গ্রহণ করছে কমিশন। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির পূর্ণাঙ্গ রায় আগামী ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন