জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫৪ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি সোমবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ। ওইদিন দলের চেয়ারম্যানকেও কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব সারাদেশে মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে। মঙ্গলবার ২০ জানুয়ারি কাকরাইলের আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলনসহ জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রিজভী জানান জিয়াউর রহমানের অবদান স্মরণ করতে ইতোমধ্যে পোস্টার এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন