অক্টোবর ৩, ২০২৬, ০৮:০৬ পিএম
বাংলাদেশ কোনো ধরনের যুদ্ধে জড়াতে চায় না এবং দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিগুলো যেন বাংলাদেশের উন্নতি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেটাই দেশের প্রত্যাশা।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলমান পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি বিশেষ সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ, নিরাপত্তা ইস্যু, ভূখণ্ড দখল কিংবা শোষণের রাজনীতিতে বিন্দুমাত্র আগ্রহী নয়। বর্তমান বৈশ্বিক সংকট কেবল চীনের সীমার মধ্যে আবদ্ধ নেই উল্লেখ করে তিনি জানান যে, বিশ্বের প্রতিটি দেশই এখন বৈশ্বিক নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তার নেতিবাচক প্রভাবের ভুক্তভোগী। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বর্তমান প্রতিযোগিতাকে দীর্ঘস্থায়ী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মূল কারণ একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা।
অতীতের অর্থনৈতিক গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তিনি জানান, ১৯৮০ বা ১৯৯০-এর দশকে ভারত ও চীন প্রায় একই অবস্থানে থাকলেও চীন কৃষি থেকে উৎপাদনমুখী শিল্পে এবং ভারত সেবা খাতে মনোযোগ দেওয়ায় চীন এগিয়ে গেছে।
আমেরিকা ও চীনের মতো পরাশক্তিগুলো ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব সামাল দিতে সক্ষম হলেও বাংলাদেশসহ ভোক্তা অঞ্চলের দেশগুলো তা পারে না বলে মন্তব্য করেন তিনি। আমাদের দৈনন্দিন চিন্তা হলো খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ফলে যুদ্ধ বা অস্থিতিশীলতায় জড়ানোর মতো বিলাসিতা দেশের নেই। দিন শেষে সাধারণ মানুষই জ্বালানির উচ্চমূল্যসহ বৈশ্বিক যুদ্ধের নেতিবাচক প্রভাবের শিকার হয় বলে অভিমত প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন